পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা যাঁরা পাবেন না, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা প্রদান করবে রাজ্য সরকার। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে আয়োজিত এক জনসভা থেকে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বর্তমানে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ জোরকদমে চলছে।

এই প্রকল্পের জন্য ফর্ম ফিলআপের প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু কারা এই প্রকল্পের সুবিধা পাবেন বা কারা বাদ পড়বেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। এদিনের সভা থেকে সেই সংশয় দূর করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যাঁরা কোনো কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, “আমরা রাজ্যের সাড়ে ছ'কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব।
যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেব।” 

শুধু তাই নয়, রাজ্যবাসী যাতে চিকিৎসার প্রয়োজনে ভিনরাজ্যে গিয়েও এই প্রকল্পের সুবিধা পান, সরকার সেই ব্যবস্থাও করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এদিনের জনসভায় শুধুমাত্র স্বাস্থ্যবিমা নয়, আরও একগুচ্ছ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুষ্ঠু রূপায়ণের প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ‘জি রামজি’ প্রকল্প রাজ্যে সঠিকভাবে চালু করা হবে। পাশাপাশি, কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্রের দেওয়া ৬ হাজার টাকার সঙ্গে রাজ্য সরকার আরও ৩ হাজার টাকা যুক্ত করে মোট ৯ হাজার টাকা প্রদান করবে বলে তিনি ঘোষণা করেন। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে দীর্ণ মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে এদিন বড় প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে বিজেপি সরকার।