পুবের কলম ওয়েব ডেস্কঃ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার কলেজ স্ট্রিটে তাঁর ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে জাতীয় মানের একটি 'বন্দে মাতরম' মিউজিয়াম গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানান। 

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগের সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার তোষণের রাজনীতি করেছে। বর্তমান সরকার রাষ্ট্রবাদী আদর্শে পরিচালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী তা নিয়ে আলোচনা করতে অস্বীকার করেন। তিনি বলেন, বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানে অপরাধ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
এ ধরনের আলোচনা অন্যত্র হওয়াই উচিত বলে তিনি মত প্রকাশ করেন। 

এবছর দেশজুড়ে বঙ্কিমচন্দ্র রচিত 'বন্দে মাতরম' গানের দেড়শো বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। সেই আবহেই রাজ্যে এই নতুন সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর একই স্থানে বঙ্কিমচন্দ্রের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে। সে সময় তিনি বাড়ির বাইরেই সাহিত্যসম্রাটের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এদিন সেই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বন্দে মাতরম-এর দেড়শো বছর পূর্তির সময় ওই এলাকার রাস্তা খুঁড়ে রাখা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর এবার সেই ঐতিহাসিক বাড়িতেই সরকারি উদ্যোগে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।