পুবের কলম, ওয়েবডেস্ক: সাধারণ মানুষের পকেটে বড় টান পড়তে চলেছে। আগামী মাস থেকে পাসপোর্ট তৈরি করা আরও ব্যয়বহুল হতে চলেছে। দেশের সাধারণ পাসপোর্ট আবেদন এবং তা পুনরায় ইস্যু করার ফি এক ধাক্কায় বাড়াল কেন্দ্র সরকার। ‘পাসপোর্ট নিয়মাবলী, ১৯৮০’ সংশোধন করে এই ফি বৃদ্ধি করা হয়েছে।

নতুন এই সংশোধিত ফি কাঠামো আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হবে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গত ২০ জুনের একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নম্বর ধারার ক্ষমতা প্রয়োগ করে সরকার এই নিয়মে বদল এনেছে, যা ‘পাসপোর্ট (সংশোধনী) নিয়মাবলী, ২০২৬’ নামে পরিচিত হবে। তবে ফি বাড়লেও পাসপোর্টের বৈধতা বা অন্যান্য পরিষেবার শর্তে কোনো বদল আনা হয়নি।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ এবং তৎকাল—উভয় ক্যাটাগরিতেই পাসপোর্টের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের বর্তমান ফি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২,৫০০ টাকা। তৎকালের ক্ষেত্রে ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৫,০০০ টাকা। ৬০ পাতার জাম্বো পাসপোর্টের বর্তমান ফি ২,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩,৫০০ টাকা।

তৎকালে বর্তমান ফি ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৬,০০০ টাকা।

পাসপোর্ট ফি বৃদ্ধির পাশাপাশি সরকার ‘পাসপোর্ট নিয়মাবলী, ১৯৮০’-এর শিডিউল-৪ সংশোধন করেছে। এর অধীনে আবেদনকারীদের দুটি নতুন সাব-ক্যাটাগরি বা উপ-শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণীতে ১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারী। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী নাবালকেরা, যারা এই নির্দিষ্ট বয়সসীমার অধীনে আবেদন করতে ইচ্ছুক। দ্বিতীয় শ্রেণীতে ১৮ বছরের কম বয়সী সমস্ত নাবালক আবেদনকারী।