পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার ১ এপ্রিল থেকে দেশে কার্যকর হতে চলেছে প্যান সংক্রান্ত একগুচ্ছ নতুন নিয়ম। আয়কর বিধি ২০২৬–এর আওতায় এই পরিবর্তন আনা হচ্ছে। এরফলে মানুষের বহু আর্থিক লেনদেনের ওপর বিরাট প্রভাব পড়তে চলেছে। প্যান কার্ডের আবেদন থেকে শুরু করে বড় অঙ্কের কেনাকাটা, নগদ লেনদেন বা সম্পত্তি ক্রয়, সব ক্ষেত্রেই বদল আসছে। ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া হলেও বড় অঙ্কের লেনদেনে নজরদারি বাড়ানো হবে। কেন্দ্রের মতে, এরফলে দৈনন্দিন খরচ বা ছোট লেনদেন সহজ হবে, কিন্তু বড় অঙ্কের টাকা স্থানান্তরের ক্ষেত্রে আরও কড়া নজরে রাখা হবে।
প্যান কার্ডের জন্য কী কী নথি লাগবে?
নতুন নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে শুধুমাত্র আধার দিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না। প্যানের জন্য আবেদন করতে হলে আধারের পাশাপাশি জন্মতারিখের প্রমাণপত্রও জমা দিতে হবে।
আর এই প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।

যদিও আজ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আধার দিয়েই প্যানের আবেদন করার সুযোগ থাকবে। তবে ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়মে আবেদন করতে হবে।

আধারের সঙ্গে নামের মিল থাকতে হবে:
নতুন নিয়মে যে বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ যে বিষয়টি তা হল প্যান কার্ডে থাকা নাম আধারের সঙ্গে হুবহু মিলতে হবে। অর্থাৎ প্যানের জন্য আবেদন করার সময় আলাদা নাম ব্যবহার করা যাবে না। আধারে নামের ভুল বা অমিল থাকলে তা আগে সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, নইলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

আবেদনের জন্য নতুন ফর্ম:
প্যান আবেদনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। ১ এপ্রিল থেকে নতুন প্যান আবেদনপত্র চালু হবে। পুরনো ফর্ম আর গ্রহণ করা হবে না। ফলে নতুন করে প্যানের জন্য আবেদন বা তথ্য আপডেট করতে গেলে নতুন ফর্ম ব্যবহার করতে হবে।
নগদ লেনদেনে বদল:
নগদ লেনদেনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে।

নতুন নিয়ম অনুযায়ী, এক অর্থবর্ষে অর্থাৎ এক বছরে মোট নগদ জমা বা টাকা তোলার পরিমাণ ১০ লক্ষ টাকা ছাড়ালে প্যান নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য, এর আগে এক দিনে ৫০ হাজার টাকার বেশি লেনদেন হলেই প্যান প্রয়োজন হত। নতুন ব্যবস্থায় ছোট ছোট লেনদেনে প্যান দেওয়ার ঝামেলা কমবে, তবে সারা বছরের মোট নগদ লেনদেনের ওপর নজর রাখা হবে।

গাড়ি কেনায় প্যান:
গাড়ি বা বাইক কেনার ক্ষেত্রেও কিছুটা স্বস্তি মিলছে। নতুন নিয়ম অনুযায়ী, গাড়ির দাম ৫ লক্ষ টাকার বেশি হলে তবেই প্যান নম্বর লাগবে। আগে যে কোনও গাড়ি কেনার ক্ষেত্রেই প্যান দেওয়া বাধ্যতামূলক ছিল। এবার সেই ঝক্কি কমবে।

হোটেল বিল ও অনুষ্ঠানে খরচে প্যান:
হোটেল, অনুষ্ঠান বা বড় বুকিংয়ের ক্ষেত্রেও খরচের সীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, খরচের পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে তবেই প্যান নম্বর দিতে হবে। যদিও আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা।

সম্পত্তি কেনাবেচায় প্যান:
রিয়েল এস্টেট লেনদেনেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন সম্পত্তির মূল্য ২০ লক্ষ টাকার বেশি হলে প্যান নম্বর প্রয়োজন হবে। আগে এই সীমা ছিল ১০ লক্ষ টাকা। অর্থাৎ সীমা দ্বিগুণ করা হল।

বিমা পলিসিতে প্যান:
বিমা সংক্রান্ত নিয়মও কড়া করা হয়েছে। এখন বিমা সংস্থার পলিসির শুরুতেই প্যান নম্বর দিতে হবে। আগে বছরে প্রিমিয়াম ৫০ হাজার টাকা ছাড়ালেই প্যান লাগত। এখন আর তা হচ্ছে না।

কেন্দ্র সরকারের মতে, এই নতুন নিয়মে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিয়মিত আয় করা চাকরিজীবী, মধ্যবিত্ত ক্রেতা এবং যারা ডিজিটাল পেমেন্ট বেশি ব্যবহার করেন। অন্যদিকে, বেশি নগদ লেনদেন করেন এমন ব্যক্তি, রিয়েল এস্টেটে বড় বিনিয়োগকারী বা বড় অঙ্কের খরচ করেন এমন মানুষের ক্ষেত্রে নজরদারি আরও বাড়বে।