পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশের শীর্ষ আদালতে বাড়তে চলেছে বিচারপতির সংখ্যা। মামলার ক্রমবর্ধমান চাপ সামাল দিতে সুপ্রিম কোর্টে আরও চার জন বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে হবে ৩৭। প্রধান বিচারপতিকে ধরলে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৩৮।
আরও পড়ুন:
এই বিষয়ে কেন্দ্র খুব শীঘ্রই সংসদে একটি সংশোধনী বিল পেশ করতে চলেছে। প্রস্তাবিত বিলটির নাম রাখা হয়েছে, সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল, ২০২৬। তবে বিল পাশের আগেই বিচারপতির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। সেই অধ্যাদেশেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সমাজমাধ্যমে জানান, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন।
অধ্যাদেশের মাধ্যমেই এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রের মতে, বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিপুল সংখ্যক মামলা জমে রয়েছে। সেই চাপ কমাতে এবং দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিচারপতিদের বেতন ও অন্যান্য খরচ সরকারি তহবিল থেকেই বহন করা হবে। পাশাপাশি তাঁদের সহায়ক কর্মী ও প্রশাসনিক পরিকাঠামোর ব্যবস্থাও করা হবে।আরও পড়ুন:
ভারতীয় সংবিধানের ১২৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের অনুমোদনের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানো বা কমানো যায়। সেই নিয়ম মেনেই সময়ের সঙ্গে সঙ্গে দেশের শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৫৬ সালে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ছিল মাত্র ১০। পরে ১৯৬০ সালে তা বেড়ে হয় ১৩। ১৯৭৭ সালে সংখ্যা দাঁড়ায় ১৭। এরপর ১৯৮৬ সালে তা বাড়িয়ে করা হয় ২৫। ২০০৮ সালে বিচারপতির সংখ্যা হয় ৩০ এবং ২০১৯ সালে তা বাড়িয়ে ৩৩ করা হয়। এবার আরও চার বিচারপতি যুক্ত হওয়ায় সুপ্রিম কোর্টের শক্তি আরও বৃদ্ধি পেতে চলেছে।