পুবের কলম ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিচারব্যবস্থা সংক্রান্ত বিতর্কিত অধ্যায় সংশোধনের পাশাপাশি অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল এনসিইআরটি। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পুরনো সংস্করণটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বদলে 'এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড' বইয়ে সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের বর্ণনায় বড়সড় রদবদল নজরে এসেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অধ্যায়ে। নতুন পাঠ্যবই থেকে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলার এবং নাৎসি মতাদর্শের যাবতীয় উল্লেখ সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে।

আগের সংস্করণে লেখা ছিল যে, নেতাজি বর্ণবিদ্বেষী হিটলারের সাহায্য চেয়েছিলেন এবং নাৎসি মতাদর্শ সম্প্রসারণের জন্যই বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। কিন্তু বর্তমান বইতে সেই অংশটি সংশোধন করে কেবল লেখা হয়েছে যে, সুভাষচন্দ্র বসু ব্রিটিশ-বিরোধী শক্তির কাছ থেকে সহায়তা চেয়েছিলেন। অন্যদিকে, বিনায়ক দামোদর সাভারকরের প্রসঙ্গটি সম্পূর্ণ নতুন ঐতিহাসিক সূত্র হিসেবে পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে। পূর্ণ স্বরাজের দাবির অংশে লেখা হয়েছে, ১৯২৫ সালে ভি ডি সাভারকরও স্বরাজের দাবি জানিয়েছিলেন, যা আগের কোনো সংস্করণে উল্লেখিত ছিল না।

১৯৪৭ সালের দেশভাগ নিয়ে কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গেও বয়ান বদল করা হয়েছে।

পুরনো সংস্করণে লেখা ছিল, মহাত্মা গান্ধী ও অধিকাংশ কংগ্রেস নেতা দেশভাগের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সেটাকেই একমাত্র পথ হিসেবে মেনে নিয়েছিলেন। তবে নতুন সংস্করণে বলা হয়েছে, শুধু গান্ধীজি বা গুটিকয়েক নেতা নন, বরং ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি বৃহৎ অংশই এই দেশভাগের তীব্র বিরোধিতা করেছিল। দেশভাগ মেনে নেওয়াই সেসময় একমাত্র উপায় ছিল কি না, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও বিতর্ক রয়েছে বলে বইটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
অষ্টম শ্রেণির পাশাপাশি নবম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন ঘটিয়েছে এনসিইআরটি। নবম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সংক্রান্ত অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে প্রারম্ভিক মানব ইতিহাসের সূচনা, হরপ্পা, মেসোপটেমিয়া, মিশর এবং চিনের মতো প্রাচীন সভ্যতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। এনসিইআরটি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আধুনিক বিশ্ব ইতিহাসের ওই বাদ পড়া অধ্যায়গুলিকে দশম শ্রেণির পাঠ্যক্রমে স্থানান্তরিত করা হয়েছে এবং সাভারকরের অন্তর্ভুক্তির জন্য ইতিহাসের অধ্যায়টিকে আরও সম্প্রসারিত করা হয়েছে।