পুবের কলম ওয়েব ডেস্কঃ পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট মিটতেই বাড়ি বাড়ি গিয়ে শুরু হল জনগণনা। বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে জনগণনার কাজ শুরু হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে জনগণনা করা হচ্ছে। এর পাশাপাশি এবার বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা শুরু হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুর এলাকা।আরও পড়ুন:
এদিকে, আজ রবিবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেও তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে গুজরাট, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরি। এই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১ জুন থেকে।
মোবাইল অ্যাপে তথ্য সংগ্রহের বিষয়ে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া (আরজিসিসিআই) জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে সহজেই তথ্য আপলোড করা যাবে। কোনও নাগরিক এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিজের এবং নিজের পরিবারের সম্পর্কে তথ্য আপলোড করতে পারবেন। এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা তথ্য সংগ্রহ করবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গুজরাট, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরির নাগরিকরা নিজের ও নিজের পরিবারের সম্পর্কে তথ্য সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে আপলোড করতে পারবেন আগামী ৩১ মে পর্যন্ত।আরও পড়ুন:
কেন্দ্র সরকার সুত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ অ্যাপে নিজেদের তথ্য আপলোড করেছেন। আধিকারিকদের একাংশ এই সিদ্ধান্তকে সাফল্য হিসেবেই দেখছেন। সাধারণত অচেনা কোনও ব্যক্তি বাড়িতে এসে পারিবারিক সম্পত্তি বা সদস্য সংখ্যার বিষয়ে জানতে চাইলে সেক্ষেত্রে অনেকেই জানাতে সঙ্কোচ করেন। কিন্তু, এবারের নতুন ব্যবস্থায় সেই সমস্যা থাকছে না। জানা গিয়েছে, অনলাইনে তথ্য আপলোড করার পর তথ্য দাতা একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন। সেই স্লিপ বাড়ি বাড়ি যাওয়া কর্মীদের দেখালেই হবে। এক্ষেত্রে যেমন তথ্য বিকৃতি রোখা যাবে, তেমনিই সঙ্কোচের কোনও কারণও থাকবে না।