নাজির হোসেন লস্কর: চলতি সপ্তাহের শুরু থেকে চালু হয়েছে জনগণনার কার্যক্রম প্রস্তুতি৷ তারই অংশ হিসেবে প্রশাসনিক কর্মীদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা সদর আলিপুরে ২২ জুন থেকে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ব্লক উন্নয়ন আধিকারিক, যুগ্ম বিডিও এবং বিভিন্ন পুরসভার এক্সিকিউটিভ অফিসাররা অংশগ্রহণ করছেন। প্রথম পর্যায়ের প্রশিক্ষণে সদর মহকুমা স্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকরাই চার্জ অফিসারের দায়িত্ব পালন করেন। প্রশাসনিক সুবিধা, কার্যকর সমন্বয় এবং জনগণনা সংক্রান্ত স্থানীয় প্রয়োজন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনার উদ্দেশ্যে মহকুমাভিত্তিকভাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন ডিরেক্টর অব সেন্সাস অপারেশনস রেশমি কমল। তিনি জনগণনা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল গণনার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি অংশগ্রহণকারী আধিকারিকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি, অতিরিক্ত জেলাশাসক–সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে৷  
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী দিনে জনগণনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রস্তুতি নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।