নাজির হোসেন লস্কর: জেলার জব কার্ডধারীদের জন্য খুশির খবর৷ দুর্নীতির অভিযোগে তালিকায় বাদ থাকা জেলা  দক্ষিণ ২৪ পরগনায় চালু হতে চলেছে ১০০ দিনের কাজ৷ তারই প্রস্তুতিতে আধিকারিকদের নিয়ে হয়ে গেল ওরিয়েন্টেশন কর্মশালা৷ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শনিবার এই কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের দিশা দেখান তাঁরা৷

টাকা তছরুপের অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল কেন্দ্রের ‘মনরেগা’ প্রকল্প। তৃণমূল সরকারের আমলে এই প্রকেল্প সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ––এই দুই জেলা থেকে৷ সরকার পরিবর্তনের পর ১ জুন থেকে বাংলায় ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তবে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ থাকায় সেই তালিকায় বাদ ছিল দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা। পাশাপাশি এই দুই জেলায় নজর বেশি দেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন৷ ইতিমধ্যে মনরেগা থেকে প্রকল্পের নাম বদলে হয়েছে ভিবি-জি রাম জি৷ জবকার্ড হোল্ডারদের ১০০ দিন থেকে ১২৫ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে৷ ছাড়পত্র মিলেছে দক্ষিণ ২৪ পরগনায়৷ তারই প্রস্তুতি হিসেবে পঞ্চায়েত দফতরের আয়োজনে জেলা আধিকারিকদের উপস্থিতিতে হয়েছে বিশেষ কর্মশালা৷ 

শনিবার এই কর্মশালার সভাপতিত্ব করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব পি উলগানাথ৷ উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি–সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা৷ দফতরের সচিব  প্রকল্পের সফল বাস্তবায়নে সকল স্তরের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা করেন।

ভিবি-জি রাম জি প্রকল্পের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এসডিও ও বিডিওদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

জেলাশাসক বলেন, ভিবি-জি রাম জি প্রকল্পের কার্যকর বাস্তবায়নে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ জেলা প্রশাসন। তিনি বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়, সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং ধারাবাহিক পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন।