পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র মহরম উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হযরত ইমাম হুসেন (আঃ)-এর মহান আত্মত্যাগ আজও বহু মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, "হযরত ইমাম হুসেন (আঃ)-এর আত্মত্যাগ আজও অনেক মানুষকে সত্য ও ন্যায়ের অন্বেষণে অবিচল থাকতে অনুপ্রেরণা জোগায়। এটি আমাদের সাহস ও দৃঢ় বিশ্বাসের স্থায়ী শক্তির কথাও স্মরণ করিয়ে দেয়।
" প্রধানমন্ত্রীর কথায়, এই পবিত্র দিনটি আমাদের সত্য, ন্যায়বিচার, সাহস এবং দৃঢ় বিশ্বাসের মতো মানবিক মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।আরও পড়ুন:
ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস হলো মহরম। এই মাসের দশম দিনটি ‘আশুরা’ নামে পরিচিত, যা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগঘন দিন। ৬১ হিজরি অর্থাৎ ৬৮০ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র ইমাম হুসেন ইবনে আলী এবং তাঁর অনুগামীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছিলেন।
কারবালার সেই ঐতিহাসিক যুদ্ধ ও আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করেই এই দিনটি পালিত হয়। শিয়া মুসলিমদের কাছে এই দিনটি চরম শোকের এবং তাঁরা এই সময়ে গভীর শোক প্রকাশ বা মাতম করেন। অন্যদিকে, সুন্নি মুসলিমরা এই পবিত্র দিনে রোজা বা উপবাস পালন করে থাকেন।আরও পড়ুন:
কারবালার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতজুড়ে অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে মহরমের শোভাযাত্রা বের করা হয়েছে। প্রথা অনুযায়ী, শিয়া সম্প্রদায়ের মানুষজন মিছিলে অংশ নিয়ে বুক চাপড়ে কারবালার ট্র্যাজেডির প্রতি গভীর শোক প্রকাশ ও মাতম করেন। ভারতে কেবল মুসলিম সম্প্রদায়ই নয়, বিভিন্ন ধর্মের মানুষও এই বিশাল মিছিল এবং তাজিয়া প্রদর্শনীতে অংশ নেন, যা সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে।