পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি নিশ্চিত করেছেন, তিনি প্রস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই নেতানিয়াহু বেশ কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। ২০২৩ সালে হার্টে পেসমেকার বসানো হয়। সেই সময় সাময়িকভাবে একজন মন্ত্রীকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছিল।

২০২৪-এ মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করান।

৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী 'X'-এ জানান, একটি রুটিন চেকআপের সময় তাঁর শরীরে টিউমার ধরা পড়ে। তবে যুদ্ধের আবহে জনমনে বিভ্রান্তি এড়াতে তিনি এই খবরটি দুই মাস চেপে রেখেছিলেন। নেতানিয়াহু বলেন, “আমি এই খবরটি প্রকাশ করতে দুই মাস দেরি করার অনুরোধ করেছিলাম, যাতে যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে এটি প্রকাশিত না হয়।”

চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, নেতানিয়াহুকে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসা প্রক্রিয়াটি অত্যন্ত সফল হয়েছে এবং টিউমারটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি বর্তমানে তাঁর দাপ্তরিক সমস্ত দায়িত্ব পালনে সক্ষম এবং পুরোদমে কাজ শুরু করেছেন।

যুদ্ধের শুরুর দিকে নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছিল। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুয়া ছবি প্রচার করা হয়েছিল। সেই সময় সমস্ত জল্পনা উড়িয়ে দিতে তিনি জেরুজালেমের একটি ক্যাফেতে গিয়ে নিজের ভিডিয়ো রেকর্ড করেন এবং বিশ্বকে জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন।