ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়াল কানাডা। দেশটির দুর্গত জনগণের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং অন্যান্য জীবনরক্ষাকারী সামগ্রী পৌঁছে দেবে।

তিনি বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।

উল্লেখ্য, গত বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলা-তে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের কেন্দ্রস্থল ছিল কারাবোবো, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের পর দেশজুড়ে ২০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। ইতিমধ্যেই শতাধিক ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা করছে, মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এই ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশ ও সংস্থা এগিয়ে আসছে। তারই অংশ হিসেবে কানাডার এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।