পুবের কলম ওয়েব ডেস্কঃ ডিজে-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের মামলায় তদন্তকারী সংস্থার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার তদন্তে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সিআইডি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে আবেদন করেছেন তিনি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে অভিষেকের পক্ষের আইনজীবী বিষয়টি উত্থাপন করেন। আদালতে অভিষেকের বক্তব্য, তিনি কখনও অডিও রেকর্ডে থাকা কণ্ঠস্বর নিজের নয় বলে দাবি করেননি।
ফলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কোথায়, সেই প্রশ্ন তোলেন তিনি। আবেদনকারীর বক্তব্য শোনার পর বিচারপতি মামলাটি গ্রহণের অনুমতি দেন এবং আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন।আরও পড়ুন:
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সেই ঘটনাকে ঘিরে সাইবার অপরাধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে সম্প্রতি বিধাননগর আদালতের কাছে আবেদন জানায় সিআইডি।
আদালত সেই আবেদন মঞ্জুর করে। আগামী ৩০ জুন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল।আরও পড়ুন:
এরই মধ্যে বুধবার রাতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কালীঘাটে অভিষেকের বাসভবনে গিয়ে একটি নোটিস পৌঁছে দেন। সেই নোটিসে জানানো হয়, নির্ধারিত দিনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তার বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে এখন উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।