পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার পথে এগোচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আগামী সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে। একই দিনে সমাজবিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’ও আনা হচ্ছে।
সরকারের দাবি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি আইন প্রযোজ্য হবে। এর ফলে নারীর ক্ষমতায়ন, সামাজিক সংস্কার এবং ধর্মনিরপেক্ষতার পরিসর আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন:
বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, সোমবার বিলটি আলোচনার জন্য পেশ করা হবে। তবে বিলের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, এত গুরুত্বপূর্ণ আইন আনার আগে সাধারণ মানুষের মতামত নেওয়া উচিত ছিল। বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, বিলটি হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানানো হবে।
একইসঙ্গে সরকার যে নতুন জননিরাপত্তা বিল আনছে, তাতে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাব রাখা হয়েছে। বিল অনুযায়ী, দুষ্কৃতীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, তল্লাশি চালানো এবং বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তোলার ক্ষমতা পাবে প্রশাসন। এছাড়া গ্যাং, সিন্ডিকেট ও তোলাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘সমাজবিরোধী’ হিসেবে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনে এক বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, রাজ্যে অপরাধ দমনে আরও কঠোর আইন আনা হবে। তাঁর কথায়, ‘চোর, গুন্ডা, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু জেল নয়, অপরাধের সঙ্গে জড়িতদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।’