সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে উপহার হিসেবে দেওয়া হবে এক গ্রামের সোনার আংটি। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ঘোষিত নতুন প্রকল্প ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’-এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে দেওয়া হবে এই বিশেষ উপহার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ হাজার ৬০০ টাকা।

তামিল সংস্কৃতিতে নবজাতকের জন্ম উপলক্ষে মামার বাড়ি থেকে উপহার দেওয়ার দীর্ঘদিনের একটি প্রথা রয়েছে। সেই ঐতিহ্যকে সম্মান জানাতেই রাজ্য সরকার নিজেই প্রতিটি নবজাতকের ‘মামার বাড়ি’র দায়িত্ব নিতে চলেছে।

আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিজয়। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, গত ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকেই এই প্রকল্প কার্যকর হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা এবং সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করা সমস্ত মা এই প্রকল্পের সুবিধা পাবেন। ছেলে বা মেয়ে—লিঙ্গভেদে কোনও পার্থক্য করা হবে না। একইভাবে সন্তানের জন্মক্রম নিয়েও কোনও বিধিনিষেধ নেই।

প্রথম সন্তান হোক কিংবা দ্বিতীয় বা তৃতীয়, সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতক এই সোনার আংটি পাওয়ার অধিকারী হবে।

এই প্রকল্পের সুবিধা পেতে বাসিন্দার পরিচয় প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, শ্রম কল্যাণ বোর্ডের পরিচয়পত্র, ডাকঘরের ঠিকানা সংক্রান্ত নথি অথবা নেটিভিটি সার্টিফিকেট জমা দিতে হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় ৭ লক্ষ ৮০ হাজার শিশুর জন্ম হয়। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ২০ হাজার শিশুর জন্ম হয় সরকারি হাসপাতালে, যা মোট প্রসবের প্রায় ৫৩ শতাংশ। রাজ্য সরকার মনে করছে, এই উদ্যোগ একদিকে যেমন নবজাতক ও মাতৃত্বকে সম্মান জানাবে, অন্যদিকে সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলবে।

এই জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সামাজিক ঐতিহ্যকে ধরে রাখতে তামিলনাড়ু সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।