ফলতায় মঙ্গলবারের অশান্তির ঘটনায় কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় এক সরকারি কর্মসূচি থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ নেই এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, ভিডিও ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের কাউকেই যেন ছাড়া না হয়। ভারতীয় ন্যায় সংহিতায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এমন শিক্ষা দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ পুলিশ, সরকারি কর্মচারী বা আধাসামরিক বাহিনীর উপর হামলা চালানোর সাহস না দেখায়।


শুভেন্দু অধিকারী আরও বলেন, শুধু গ্রেফতার করাই নয়, হামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার দিকেও ডাবল ইঞ্জিন সরকার পদক্ষেপ করবে। তাঁর কথায়, “আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

মঙ্গলবার জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে ফলতার একাংশের বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, ওই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির খানের স্ত্রী।

সেই সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে কার্শিয়াংয়ে জনসভায় ছিলেন। সেখান থেকেই তিনি পরিস্থিতির উপর নজর রাখছিলেন বলে জানান।

এদিন ফলতার সভা থেকে তিনি বলেন, “আমি কার্শিয়াংয়ে ছিলাম। টেলিভিশনে দেখলাম, এখানে একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারি ফোর্সের উপর হামলার চেষ্টা করেছে।

ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যত বড় মাফিয়াই হোক না কেন, বিজেপি সরকার তাদের উপযুক্ত শিক্ষা দেবে। গুন্ডামি, জমি দখল বা লুটপাট কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

নন্দীগ্রামের পর এদিন ফলতা থেকেও রাজ্যজুড়ে বেড়ে ওঠা ‘মব জাস্টিস’-এর প্রবণতার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, “কেউ আইন হাতে তুলে নেবেন না। এই সরকার কাউকে ছাড়বে না।”