পুবের কলম ওয়েব ডেস্কঃ তারাতলা বিপর্যয়ে মৃত্যু বেড়ে হয়েছে ১৫ জন। আহত ৩৩ জনের চিকিৎসা চলছে শহরের বিভিন্ন হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনার পর একের পর এক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় সমস্ত বাণিজ্যিক বহুতলের নির্মীয়মাণ কাজ এক মাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। এবার কলকাতার পাশাপাশি বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের।

অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। এর পাশাপাশি আজকের মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন, এই সব নির্মীয়মাণ বহুতলের অডিট করার পর রিপোর্টে নকশায় বড়সড় ত্রুটি পাওয়া গেলে বহুতলের অনুমোদন বাতিল করা হবে। খতিয়ে দেখা হবে অগ্নিনির্বাপণ ও বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা। এদিকে, তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত করা হল নির্মাণ সংস্থা আয়ান ট্রেডার্স ও আর্কিটেক্টকে।

ওই গুদাম নির্মাণের কাজের দায়িত্বে ছিল এই সংস্থা। 

শুক্রবার পিডব্লুউবি টেন্ট থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই সিদ্ধন্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্ল্যান পাশ করা ছিল। নির্মাণকারী সংস্থার নজরদারির কথা ছিল।

কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেনি। সেই কারণেই নির্মাণ সংস্থা ও আর্কিটেক্টকে ব্ল্যাকলিস্টেট করা হল। মুখ্যমন্ত্রীর কথায়, কালীচরণকে তুললেই সব বেরিয়ে পড়বে। তিনি জানান, ক্যামাক স্ট্রিট এই কালীকে নিয়োগ করেছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আজই শেষ হয়ে যাবে উদ্ধারকাজ। তিনি জানান, আবহাওয়া ঠিক থাকলে আজ রাতেই উদ্ধারকাজ সম্পন্ন হবে। ধ্বংসস্তূপের নিচে প্রাণের অস্তিত্ব এখনও রয়েছে কি না তা জানার চেষ্টা করছে উদ্ধারকারী দল। এরজন্য ড্রোণ ওড়ানো হচ্ছে।