পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৃহস্পতিবার নবান্নে দীর্ঘ দু'ঘণ্টার বৈঠক করলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়। তবে বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন অভিনেতা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ, এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নেই।

সম্প্রতি বাংলায় রাজনৈতিক পালাবদলের পর গত সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়। ওই হাই-প্রোফাইল বৈঠকের পর থেকেই অভিনেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা বড় ধারণ করে। এরপর বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তাঁর এই বৈঠক সেই চর্চাকে আরও উসকে দিয়েছিল।

তবে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, তাঁর বিজেপিতে যোগদানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই মুহূর্তে তাঁর কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।

পাশাপাশি তিনি এও জানান যে, ভবিষ্যতে যদি রাজনৈতিক ময়দানে আসার কোনো সিদ্ধান্ত তিনি নেন, তবে প্রথমেই তা সংবাদমাধ্যমকে জানাবেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে অভিনেতা জানান, টলিউড ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি বিনোদন জগতে কাজ করছেন, সেই অভিজ্ঞতার নিরিখে ইন্ডাস্ট্রির বিভিন্ন সুবিধা-অসুবিধা প্রশাসনের শীর্ষস্তরে তুলে ধরতেই তাঁর এই নবান্ন সফর বলে দাবি করেছেন অভিনেতা।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে 'পদ্মশ্রী' সম্মান গ্রহণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সেই নিমন্ত্রণ রক্ষা করতেই গত সোমবার অভিনেতার বালিগঞ্জের বাড়িতে উপস্থিত হয়েছিলেন শাহ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে, শীর্ষ নেতৃত্বদের সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।