চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বহুতল কারখানাটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ভবনের ছাদে আটকে পড়া শ্রমিকদের জীবন বাঁচানোর আকুতি জানাতেও দেখা যায়।
দুর্ঘটনার পর ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয়াং শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের মোট ক্রীড়া জুতার প্রায় ২০ শতাংশ এই শহরেই উৎপাদিত হয়।আরও পড়ুন:
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শত শত দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়ে বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।