পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুরের মন্দারমণির কাছে দাদনপাত্রবাড়ে রাজ্য সরকারের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বন্দর নির্মাণের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, সরকারের ঘোষণা অনুযায়ী দাদনপাত্রবাড়ে বন্দর গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় জায়গা খোঁজার কাজ শেষ হয়েছে। সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। ওপর মহল থেকে পরবর্তী যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী প্রশাসনের কাজ এগোবে।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার তাজপুরের বদলে দাদনপাত্রবাড়ে এই বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনা করা হলেও নানা কারণে তা দিনের আলো দেখেনি। একসময় আদানি গোষ্ঠী ওই প্রকল্পে আগ্রহ দেখালেও পরে তারা পিছিয়ে যায়। এরপর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার জানিয়েছেন যে, তাজপুরের তুলনায় দাদনপাত্রবাড়ে আধুনিক পরিকাঠামো-যুক্ত গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা অনেক বেশি সুবিধাজনক ও বাস্তবসম্মত। সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটেও এই প্রকল্পের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যার পরেই বন্দর নির্মাণের কাজে উল্লেখযোগ্য গতি এসেছে।
আরও পড়ুন:
সরকারের এই তৎপরতায় যথেষ্ট আশাবাদী দাদনপাত্রবাড়ের সাধারণ মানুষ। ওই এলাকার বাসিন্দাদের মূল জীবিকা মূলত কৃষিকাজ এবং শুঁটকি মাছ উৎপাদন। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন একটি বড় মাপের প্রকল্প গড়ে উঠলে তাঁদের জমি দিতে কোনো আপত্তি নেই। তবে তাঁদের অন্যতম প্রধান দাবি হলো, বন্দর নির্মাণের ফলে এলাকার ভূমিপুত্রদের যেন পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নতির স্বার্থে কাজের সুযোগ যাতে সুনিশ্চিত হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিশেষ আর্জি জানিয়েছেন তাঁরা।