পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের শহরাঞ্চল ও শিল্প এলাকাগুলিতে নজরদারি আরও বাড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এবার সাতটি পুরনিগম, ১২১টি পুরসভা এবং তিনটি শিল্পাঞ্চলকে সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই সমস্ত ক্যামেরার ফুটেজ এক জায়গা থেকেই নজরদারি করবে পুর দফতর। বুধবার বিধানসভায় এমনই ঘোষণা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
সরকারি সূত্রের দাবি, এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পুর এলাকায় কী ধরনের কাজ হচ্ছে, কোথায় কী সমস্যা রয়েছে এবং প্রশাসনিক কাজ কতটা নিয়ম মেনে চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পরেও অধিকাংশ পুরসভা ও পুরনিগম এখনও তৃণমূলের নিয়ন্ত্রণে রয়েছে। সেই পরিস্থিতিতে শহরাঞ্চলের প্রশাসনিক কাজের উপর সরাসরি নজর রাখতে সক্রিয় হয়েছে পুর দফতর। জানা গিয়েছে, শুধু রাস্তা বা গুরুত্বপূর্ণ মোড়েই নয়, পুরসভার দফতরগুলির ভেতরেও বসানো হবে সিসি ক্যামেরা। দফতরে কর্মীরা কখন প্রবেশ করছেন, কখন বেরোচ্ছেন এবং সরকারি কাজ কতটা সময় মেনে হচ্ছে, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।
পুরো ব্যবস্থাটিই কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে পুর দফতর।আরও পড়ুন:
এদিকে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বাকি পুরসভা ও পুরনিগমগুলিতেও ভোট হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সরকার বদলের পর নতুন রাজনৈতিক সমীকরণে তৃণমূল কতগুলি পুরসভা নিজেদের দখলে রাখতে পারবে, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। সেই আবহেই শহরাঞ্চলের প্রশাসনিক কাজকর্মে নজরদারি আরও বাড়ানোর পথে হাঁটছে রাজ্য সরকার।