পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ৪৬৬০টি অতিরিক্ত বুথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বুথগুলি চালু হলে রাজ্যের মোট ভোটকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা রয়েছে ৮০ হাজার ৬৮১টি। কমিশনের অনুমোদিত নতুন বুথগুলি তৈরি হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার ৩৭৯-এ। পাশাপাশি কিছু ভোটকেন্দ্রের অবস্থানও পরিবর্তন করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সূত্রে খবর, যে সব বুথে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি হয়ে গিয়েছে, সেখানেই সহায়ক বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটারদের চাপ কমানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছন্দ করতে এই উদ্যোগ। সেই কারণেই অতিরিক্ত ৪৬৬০টি বুথ গড়ে তোলার অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি বুথ অন্য জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দিল্লির নির্বাচন সদন থেকে শুক্রবারই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নতুন বুথ তৈরির সময় কমিশনের নির্ধারিত সমস্ত নিয়ম কঠোর ভাবে মেনে চলতে হবে।
বিশেষ করে ২০২০ সালের গাইডলাইন অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে। যে সব বুথের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট বুথের প্রতিটি ভোটারকে ব্যক্তিগত ভাবে বিষয়টি জানাতে হবে। কোনও ভোটার যেন এই পরিবর্তনের বিষয়ে অজ্ঞাত না থাকেন, সে বিষয়ে কমিশন বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া নতুন বুথ তৈরি বা বুথ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলকেও লিখিত ভাবে এই পরিবর্তনের তথ্য জানাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদেরও বিষয়টি সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে সিইও দফতরকে।আরও পড়ুন:
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল শনিবার থেকেই জেলা সফর শুরু করছেন। বিভিন্ন জেলায় গিয়ে তিনি ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখবেন। এবারের নির্বাচনে নিয়মকানুনও আরও কড়া করা হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি নজরদারি এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।