পুবের কলম ওয়েব ডেস্ক: এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তৃতীয় দফা শুরু করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, দেশের ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এবার এসআইআর করা হবে। তবে আপাতত এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, জাতীয় জনগণনার অধীনে চলতে থাকা বাড়ি তালিকাভুক্তির কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে প্রশাসনিক কর্মীদের সঠিকভাবে কাজে লাগানো যায়।
এই ধাপে প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার বুথ স্তরের আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩৬ কোটি ৭৩ লক্ষ ভোটারের তথ্য যাচাই করবেন। কমিশন জানিয়েছে, এই পর্যায়ে দিল্লিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, জনগণনার দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর পাহাড়ি ও তুষারাবৃত অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য আলাদা সময়সূচি পরে ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
কমিশন আরও জানিয়েছে, দুর্গম ভৌগোলিক পরিস্থিতি এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে আপাতত ওই অঞ্চলগুলিতে এই প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।
পরিস্থিতি অনুকূল হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এই প্রক্রিয়ার সূচনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকল ভোটারকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেক যোগ্য নাগরিকের নাম যেন ভোটার তালিকায় থাকে এবং অযোগ্য নাম বাদ যায়, সেটাই এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ কয়েকটি নির্দিষ্ট রাজ্যে চালু হয়েছিল। তার মধ্যে বিহার ছিল অন্যতম। ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চলা সেই প্রক্রিয়ার পরে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়ে, যা মোট ভোটারের প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ।আরও পড়ুন:
দ্বিতীয় ধাপ শুরু হয় ২০২৫ সালের ২৭ অক্টোবর। সেই পর্যায়ে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ-সহ নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর প্রদেশে। সেখানে প্রায় ২ কোটি ৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা প্রায় ৮৩ লক্ষ ৮৬ হাজার।