উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ বিজেপির সরকার গঠনের পর থেকে বিরোধী তৃনমূল কংগ্রেসের হাতে থাকা পৌরসভাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডল বিজেপির উদ্যোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
আরও পড়ুন:
বিজেপির অভিযোগ, বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, ময়লা পরিষ্কারে অনিয়ম এবং অবৈধ নির্মাণের ঘটনা বেড়ে চলেছে। আর এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন এদিন বিজেপি কর্মী সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি পৌরসভার উদাসীনতার কারণেই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহের উন্নতি, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিন বিক্ষোভ মঞ্চ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি পৌরসভা।