পুবের কলম ওয়েব ডেস্কঃ এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে সেই সব ভোটারদের আবেদনের নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল চলছে জোকায়। প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আবেদনকারীদের ডাকা হচ্ছে ট্রাইব্যুনালে। এবার ডাক পেয়েছেন মুর্শিদাবাদের ফারাক্কার ৮ জন মুসলিম আবেদনকারীকে। তাঁদের ফারাক্কার বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

কারণ তাঁদের ট্রাইব্যুনালে শুনানির জন্য ডাকা হয়েছে আগামী ২৮ মে। আর ওই দিনই কুরবানির ঈদ বা বকরি ঈদ। ফলে তাঁরা কীভাবে ওইদিন শুনানির জন্য আসবেন তাই নিয়ে ধন্দে রয়েছেন। 

জানা গিয়েছে, ১১ নম্বর ট্রাইবুনালের দায়িত্বে থাকা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিত চট্টোপাধ্যায় বৃহস্পতিবার শুনানিতে হাজির হওয়ার জন্য এই ৮ জনকে নোটিশ পাঠিয়েছেন। এই ৮ জন হলেন রকেশ শেখ, আব্দুল রশিদ, আকবর আলি মীর্জা, বিজয় মন্ডল, আলফাজ শেখ, বিমল মন্ডল, সাকিনা বিবি, তাকিউল শেখ।

কুরবানির ঈদের দিন তাঁদের বেলা সাড়ে ১১ টায় হাজির হতে বলা হয়েছে ফারাক্কার বিডিও অফিসে। এই নির্দেশে বেজায় ক্ষুব্ধ তাঁরা। এবিষয়ে সাকিনা বিবির বলেন, মুসলিমদের কাছে কুরবানির ঈদ বড় উৎসব।  ফলে ওই হাজিরা হওয়া অসম্ভব। এটা অমানবিক সিদ্ধান্ত। বাকিদের অনেকের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে ওই দিন শুনানির জন্য ডাকা হয়েছে যাতে হাজিরা দিতে না পারেন।