পুবের কলম ওয়েব ডেস্কঃ গতকাল বঙ্গে প্রথম দফায় ভোট মিটেছে। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট। এসআইআর হওয়ার পর প্রথমবার বঙ্গে এদিন ভোটদানের হার ছিল সর্বকালের সেরা। এমনটাই দাবি নির্বাচন কমিশনের। তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। আর এই নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু, ভোটদানের হারের এই তথ্য ভুয়ো বলেই দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্র্যায়েন।
তাঁর দাবি, বাংলায় এত শতাংশ হার আসলে ভুয়ো ন্যারেটিভ মাত্র। সর্বকালের সেরা নয়, বরং ২০২১ সালের তুলনায় ভোট কমেছে।আরও পড়ুন:
নিজের এক্স হ্যান্ডেল পোস্টে ডেরেক ও ব্রায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উল্লেখ করে লেখেন, বাংলায় ৯২.৭০ শতাংশ ভোটদানের হার নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে আসলে তা হল একটি ভুয়ো ন্যারেটিভমাত্র। তৃণমূল সাংসদের দাবি অনুযায়ী, ২০২১ সালের তুলনায় এবার প্রথম দফায় আসলে ভোটদানের সংখ্যা বাড়েনি, বরঞ্চ কমেছে। তথ্য দিয়ে ডেরেক ও ব্রায়েন জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১৫২টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩.৬৭ কোটি। সেই সময় ভোট পড়েছিল ৮৪ শতাংশ। সংখ্যার হিসেবে সেটি ছিল ৩.১০ কোটি।
এবার বাংলায় এসআইআর হয়েছে। তাতে বাদ পড়েছে বহু মানুষের নাম। আর বাদ যাওয়ার পর ভোটারের সংখ্যা হয়েছে ৩.৩৩ কোটি। নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৭০ শতাংশ। আর মোট ভোটের সংখ্যা ছিল ৩,০৯ কোটি। যা ২০২১ সালের তুলনায় ৮৩,৬৭৪টি কম ভোট পড়েছে। এবার ভোট কম পড়েছে বলেই দাবি ডেরেকের।আরও পড়ুন:
এদিকে, এই তথ্য উল্লেখ করা পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন ডেরেক। তিনি লেখেন, অমিত শাহের মিথ্যা ধরে ফেলা খুব সহজ। ভোটদানের হার নিয়ে বিজেপি যে প্রচার চালাচ্ছে তা আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাঁর মতে, এবার ভোট দান স্বভাবিকই ছিল। কোনও সুনামি হয়নি। তিনি আত্ম বিশ্বাসের সুরে লিখেছেন এবারও মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে। একইসঙ্গে, তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।