উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ঘোর বর্ষায় সুন্দরবনমুখী পর্যটকরা এবার দেখতে পেল বাঘ। ইদানীং সুন্দরবনে পর্যটকদের জন্য ইলিশ উৎসবের আয়োজন করছে একাধিক টুরিস্ট সংস্থা।আর  সুন্দরবনে এমনই এক  ইলিশ উৎসবে অংশ নিয়ে নদী সাঁতরানো বাঘের দেখা পেলেন তাঁরা। 
বুধবার দুপুরে সুন্দরবনের চোরাগাজিখালি এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখেন মহেশতলা থেকে আসা একদল পর্যটক। বোট থেকে চোখ ঘোরাতেই হঠাৎ নদীর জলে বাঘকে দেখতে পেয়ে প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন তাঁরা।

পরে মোবাইল ফোনে সেই বিরল মুহূর্তের ছবি ও বন্দি করেন। তবে বাঘ সাঁতারের দৃশ্য দেখে পর্যটকরা যাতে হইচই না করেন, তা নিয়ে সতর্ক করেন বোটের দায়িত্বে ছিলেন যাঁরা। মহেশতলা থেকে একদল পর্যটক এসে ছিলেন সুন্দরবনে। বর্ষার জলে টইটম্বুর নদীবক্ষে ঘুরে বেড়ানো আর বোটে বসে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা থেকে ইলিশের আরও নানা পদের স্বাদ নিতে।
 বুধবার চোরাগাজিখালি এলাকায় হঠাৎই এক রয়্যাল বেঙ্গলকে সাঁতার কাটতে দেখেন তাঁরা।
মাঝ মাতলায় বিশাল শরীরখানা ডুবিয়ে, অল্প একটু মাথা তুলে পার হচ্ছে সে।খাঁড়ির কাছাকাছি এসে একবার মাথা তুলে একটু পোজ়ও দিয়ে দেয় সেই দক্ষিণরায়। তার পরেই দ্রুতপদে ঢুকে যায় জঙ্গলে। সে দৃশ্য দেখে পর্যটকরা তো একেবারে গদগদ। তাঁদের কথায়, সুন্দরবনে এসে বাঘের দেখা পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। ইলিশ উৎসবের আনন্দের সঙ্গে এই অভিজ্ঞতা তাঁদের সফরকে আরও স্মরণীয় করে তুলতে চান।