উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের গভীর জঙ্গলে। সেই সময় পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘ। তাঁর সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা রয়্যাল বেঙ্গলের সাথে লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন সঙ্গীকে। ঘটনায় বাঘের হানা মৎস্যজীবী মান্নান নস্কর গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গল এলাকায় বাঘের আক্রমনের শিকার হন কুলতলির দেউলবাড়ির হইধর পাড়ার বাসিন্দা মান্নান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত রবিবার কুলতলি থেকে মান্নান লস্কর সহ তিন জন মৎস্যজীবি কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে যান। বুধবার সকালে মাছ ধরার সময়ে পেছন থেকে আচমকা মান্নান লস্করের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। আর তার সঙ্গীরা নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে তাড়া করলে বাঘ মান্নানকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। তারপরে আহত মান্নানকে নিয়ে তার সঙ্গীরা কুলতলিতে ফিরে আসে। তার ঘাড়ে ও মাথায় গুরুতর চোট লাগে।
তাকে স্থানীয় জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালের স্থানাতরিত করা হয়। সেখানে চিকিৎসা চলছে তার। এই ঘটনার পরেই আহত মৎস্যজীবী পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআরের সদস্যরা। এ ব্যাপারে এপিডিআরের সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।