পুবের কলম, ওয়েবডেস্ক: জয়পুরে আন্দোলন চলাকালীন নিজের ওপর হওয়া হামলার জন্য সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর দিকে আঙুল তুললেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। মঙ্গলবার সকালে নাগপুর বিমানবন্দরে নেমে তিনি অভিযোগ করেন, পড়ুয়াদের মূল সমস্যা থেকে নজর ঘোরাতে এবং ভিন্নমত দমন করতেই আরএসএস-এর কিছু লোক তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
সোমবার জয়পুরে একটি বিক্ষোভ প্রদর্শন চলাকালীন এক নজিরবিহীন ঘটনার সম্মুখীন হন অভিজিৎ দিপকে। আন্দোলনস্থলের একটি ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা যখন দিপকে-কে নিজেদের কাঁধে তুলে স্লোগান দিচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকা দুই যুবক ভিড়ের মধ্য থেকে এসে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েকটি চড় মারে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে।আরও পড়ুন:
মঙ্গলবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামলার নেপথ্যে কারা রয়েছে জানতে চাওয়া হলে দিপকে বলেন, "এর পেছনে আরএসএস-এর কিছু লোক জড়িত ছিল এবং এতে নতুন কিছু নেই। যখনই কেউ সরকার বা তাদের মতাদর্শের বিরুদ্ধে কথা বলে, তখনই তারা এই ধরণের পথ অবলম্বন করে। মূল ইস্যু থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে এবং ছাত্রদের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এই কাপুরুষোচিত হামলা।"
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ বিকেল ৪টেয় নাগপুরের সংবিধান চত্বরে এক বিশাল প্রতিবাদের ডাক দিয়েছে সিজেপি।