পুবের কলম, ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটপ্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। তৃণমূল প্রার্থী চন্দন মন্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হয়েছেন একাধিক তৃণমূল কর্মী-সমর্থক। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে গুরুতর চোট লাগে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে প্রচারে যান চন্দন মণ্ডল। অভিযোগ, গ্রামে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাঁর উপর হামলা চালানো হয়। লাঠি ও ঝাঁটা হাতে একদল দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে বলে দাবি তৃণমূলের। পাশাপাশি মিছিলে থাকা একাধিক বাইক ভাঙচুর করা হয়।এই হামলার ঘটনায় বিজেপি নেতা ব্রোজগোপাল মন্ডলের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও বিপুল কেন্দ্রীয় বাহিনী। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।