পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূলে ভাঙন অব্যাহত। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালাবদল এবং তৃণমূলের পরাজয়ের পরই নিজেদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এই তিন রাজনীতিক।
তৃণমূলের বিপর্যয়ের পর থেকেই দলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। সাংসদ পদ ছাড়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে লোকসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদের সঙ্গে দেখা গিয়েছিল সুখেন্দুশেখর রায়কে। অন্যদিকে, রাজ্যসভার পাশাপাশি দলের সদস্যপদ থেকে পদত্যাগ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেছিলেন সুস্মিতা দেব। একইভাবে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রকাশ চিক বরাইকও। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তাঁরা আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে নাম লেখালেন।
এদিনের যোগদান পর্ব শেষে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানান, বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা রেখেই এই তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে এসেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, এই মুহূর্তে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের একটাই পরিচয়, তাঁরা ভারতীয় জনতা পার্টিরনিষ্ঠাবান কর্মী। পাশাপাশি শমীক ভট্টাচার্য কড়া বার্তা দিয়ে বলেন, যাঁরা সাধারণ মানুষের অর্থ লুঠ করেছেন, তাঁদের জন্য বিজেপির দরজা সম্পূর্ণ বন্ধ।