বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরকে ৩-২ গোলে হারানোর পরও লিওনেল স্কালোনির দল এক নম্বর অবস্থান হারিয়েছে।

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।
সর্বশেষ হালনাগাদকৃত লাইভ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বের এক নম্বর দল ফ্রান্স। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ০.৭১ পয়েন্ট। ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।

চলমান বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ করছে। ফলে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন আসছে। যেহেতু ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই দলই এখনো শিরোপার লড়াইয়ে রয়েছে, তাই বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে শীর্ষস্থান আবারও হাতবদল হতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক বিরতির পর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। সে সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায়। অন্যদিকে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা এক নম্বর দল হিসেবেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল।

তবে নকআউট পর্বে দুই দলের পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। ফ্রান্স আবারও শীর্ষস্থান দখল করেছে, আর আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তবে দুই দলের পয়েন্টের ব্যবধান এতটাই কম যে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর ফলেই র‍্যাঙ্কিংয়ের চিত্র আবারও বদলে যেতে পারে।