বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতি এবার ঘরে তুলে রাখার সুযোগ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে, আর সেই মাঠের ঘাসের ছোট ছোট টুকরা সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের পর মাঠের ঘাস সংগ্রহ করে বিশেষ স্বচ্ছ রেজিনে সংরক্ষণ করা হবে।

ফিফার তথ্য অনুযায়ী, প্রতিটি স্মারকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। তবে এগুলো শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের কাছেই পাঠানো হবে।

অ্যাক্রিলিকের বিশেষ কেসে সংরক্ষিত প্রতিটি ঘাসের টুকরার ওপর খোদাই থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যু, ম্যাচের তারিখ এবং চূড়ান্ত ফলাফল। পাশাপাশি একটি ইউএসবি ড্রাইভে দেওয়া হবে স্মারকটির সত্যতা নিশ্চিতকারী ডিজিটাল সনদ।

এই সংগ্রহযোগ্য স্মারক তৈরি করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিপ স্টাব। তাদের ওয়েবসাইটে আরও তিনটি প্রিমিয়াম সংস্করণও রয়েছে, যার মূল্য যথাক্রমে ৯০০, ১২০০ ও ৩০০০ মার্কিন ডলার। প্রতিটি সংস্করণের জন্য মাত্র ২০২৬টি করে ইউনিট তৈরি করা হয়েছে। সবগুলো বিক্রি হলে শুধু এই স্মারক থেকেই ফিফার আয় হতে পারে ১ কোটি ১২ লাখ মার্কিন ডলারেরও বেশি।


দাম অনুযায়ী বদলাবে স্মারকের প্যাকেজিং ও উপহারের তালিকাও। সর্বোচ্চ মূল্যের ৩০০০ ডলারের ‘হিরো এডিশন’-এ থাকবে বড় আকারের ঘাসের টুকরা, সোনায় খোদাই করা একটি ধাতব স্মারক টিকিট, ফাইনাল ম্যাচের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং ক্রিস্টাল কাচে তৈরি বিশ্বকাপ ট্রফির একটি বিশেষ রেপ্লিকা।

তবে যে মাঠের ঘাস নিয়ে এত আগ্রহ, সেটির মান নিয়েও সমালোচনা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে ব্রাজিল ও ফ্রান্সের কয়েকজন ফুটবলার অভিযোগ করেছিলেন, উত্তর ক্যারোলাইনা থেকে এনে বসানো এই ঘাসের মাঠটি তুলনামূলক শুষ্ক ছিল এবং স্বাভাবিক ফুটবল খেলার জন্য আদর্শ মনে হয়নি।

উল্লেখ্য, বিশ্বকাপকে ঘিরে সংগ্রহযোগ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নতুন নয়। এর আগে প্রতিটি আয়োজক শহরের জন্য সীমিত সংস্করণের জার্সিও বাজারে আনে ফিফা। প্রতিটির দাম ছিল ৩৭৫ মার্কিন ডলার এবং প্রতিটি শহরের জন্য মাত্র ৯৯৯টি করে জার্সি তৈরি করা হয়েছিল।