নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপির কাছে কোনও পদ বা ব্যক্তি নয়, দেশের শিক্ষার্থী ও যুবসমাজের স্বার্থই সর্বাগ্রে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন বলে দাবি করেন তিনি।
শনিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় শাহ লেখেন, “বিজেপির কর্মীদের কাছে যেকোনও পদের চেয়ে দেশ, যুবসমাজ এবং শিক্ষার্থীদের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই আদর্শকেই তুলে ধরে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের তরুণদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন, তা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের ন্যায়বিচার দিতে সহায়ক হবে।”
ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী হিসেবে কাজেরও প্রশংসা করেন শাহ। তিনি বলেন, তাঁর নেতৃত্বে দেশে জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়ন, আঞ্চলিক ভাষায় পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, পিএম শ্রী বিদ্যালয় প্রকল্প, ডিজিটাল শিক্ষার প্রসার এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের মতো একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।


শাহের বক্তব্য, শিক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা উল্লেখযোগ্য এবং তাঁর কর্মকাল ভারতের উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।
উল্লেখ্য, শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে সমাজমাধ্যমে তিনি জানান, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দাবি করেন, ছাত্র আন্দোলনের আড়ালে কিছু ‘দেশবিরোধী শক্তি’ পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বৃহত্তর স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।