পুবের কলম ওয়েব ডেস্ক: নিট দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অবিচল রয়েছে ককরোচ জনতা পার্টি। এই জোরাল দাবির মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং মন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে সিজেপি-র প্রতিনিধি আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় দু'ঘণ্টা ধরে চলা এই বৈঠকে প্রতিনিধিরা তাঁদের দাবিগুলি স্পষ্ট ভাষায় কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সরকার পক্ষ একদিনের সময় চেয়ে নিয়েছে এবং শনিবার দু'পক্ষের মধ্যে ফের একবার আলোচনার সম্ভাবনা রয়েছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ছাড়াও কেন্দ্রের কাছে আরও দু'টি প্রধান দাবি তুলে ধরেছে আন্দোলনকারীরা। প্রথমত, নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা বাতিলের জেরে হতাশায় আত্মঘাতী হওয়া পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর বা পুলিশি মামলা রুজু করা হয়েছে, তা অবিলম্বে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। সিজেপি নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী তাঁর পদ থেকে ইস্তফা না দিলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

অন্যদিকে, শীর্ষ সরকারি সূত্রের খবর অনুযায়ী, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোর বিরোধী। সরকারি পক্ষের মতে, পদত্যাগ করলেই সমস্যার প্রকৃত সমাধান হবে না, বরং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাঠামোগত ব্যবস্থা গ্রহণই সরকারের মূল লক্ষ্য। পদত্যাগের পরিবর্তে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরিকাঠামোগত সংস্কারের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। এই সংস্থায় ঠিক কী কী ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারি আধিকারিকরা।