পুবের কলম ওয়েব ডেস্ক: সারা দেশ জুড়ে চলা ককরোচ জনতা পার্টির নিট-বিক্ষোভের আঁচ সরাসরি আছড়ে পড়েছে অসমের রাজনীতিতে। গুয়াহাটিতে আয়োজিত সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে হাসিমুখে পোস্টার হাতে দেখা গেল খোদ অসমের মন্ত্রী তথা অসম গণপরিষদ নেতা কেশব মহন্তের কন্যা দিবিসা মহন্তকে। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আয়োজিত এই বিক্ষোভে এনডিএ জোটের এক মন্ত্রীর কন্যার উপস্থিতি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কন্যার এহেন রাজনৈতিক অবস্থানের কারণে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ এবং ট্রোলিংয়ের শিকার হতে হয় মন্ত্রী কেশব মহন্তকে।

ইতিমধ্যেই দিবিসার বিক্ষোভে অংশগ্রহণের বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে মন্ত্রিকন্যাকে স্পষ্ট ভাষায় বলতে শোনা যায় যে, প্রাপ্তবয়স্ক সন্তানদের ওপর অভিভাবকদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া একেবারেই অনুচিত। অন্যদিকে, নিজের মন্ত্রিসভার একজন সদস্যকে নেটমাধ্যমে এহেন আক্রমণের শিকার হতে দেখে চুপ থাকেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি কেশব মহন্তের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় সমালোচকদের জবাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, একজন প্রাপ্তবয়স্ক কন্যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাঁর পিতার রাজনৈতিক অবস্থানকে মিলিয়ে ফেলা সম্পূর্ণ অযৌক্তিক। বাবার আদর্শকে সন্তান অনুসরণ নাও করতে পারেন, আর শুধুমাত্র সেই কারণে একজন মন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায় না। মুখ্যমন্ত্রী নিজের পরিবারের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, তাঁর পুত্র যদি আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে এমন কোনও ব্যক্তির হয়ে আদালতে সওয়াল করেন যাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে পছন্দ নয়, তেমনটা হতেই পারে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানদের নিজস্ব রাজনৈতিক চিন্তাধারার দায় অভিভাবকদের ওপর চাপানো ঠিক নয় বলেই তিনি মনে করেন।