পুবের কলম ওয়েব ডেস্কঃ অসমে আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধায়কদের বৈঠক হয়। তাতে হিমন্তকে সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর ফলে টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত। এদিন দলের বৈঠকের পর বিজেপির কেন্দ্রীয় নেতা জগৎ প্রকাশ নাড্ডা জানান,  বিজেপির একাধিক নবনির্বাচিত বিধায়ক হিমন্তের নাম প্রস্তাব করেন। জোটের শরিকরাও সেই প্রস্তাবে সমর্থন জানায়।

ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তাঁকে সর্বসম্মতিক্রমে হিমন্তকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। আগামী মঙ্গলবার শপথ নেবেন হিমন্ত।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাড্ডা নিজে। এছাড়াও ছিলেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। বৈঠকের পর হিমন্ত বিশ্ব শর্মা জোটের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা সরকার গঠনের দাবি পেশ করেন।

সূত্রের খবর,  আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হিমন্ত। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

এদিন এই সিদ্ধান্তের পর হিমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলে,   আগামী পাঁচ বছরে অসমের উন্নয়ন,  পরি কাঠামো  সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। উল্লেখ্য,  এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ১২৬ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য যেখানে ৭৬টি আসন প্রয়োজন সেখানে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন।

জোটের শরিক অসম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে ১০টি করে আসন। সব মিলিয়ে জোটের আসনসংখ্যা পৌঁছেছে ১০২-এ। 

প্রসঙ্গত, অসমে বিজেপির উত্থানের ইতিহাসে ২০১৬ সাল ছিল গুরুত্বপূর্ণ । সেই সময় সর্বানন্দ সনওয়ালের নেতৃত্বে প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট। ২০২১ সালের নির্বাচনে জয়ের পর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। এবারও তাঁর ওপর ভরসা রাখল দল।