পুবরে কলম ওয়বেডস্কেঃ পুনরায় ক্ষমতায় ফিরলে বুলডোজার দিয়ে ৫ লক্ষ বিঘা জমি থেকে ‘দখলদারদের’ উচ্ছেদ করব। হুঁশিয়ারি দিয়ে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাজালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে হিমন্ত বলেন, "গত পাঁচ বছরে দখলদারদের উচিত শিক্ষা দিয়েছি। গত পাঁচ বছরে আমরা দেড় লক্ষ বিঘা জমি দখলদার মুক্ত করেছি পুনরায় বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্য ৫ লক্ষ বিঘা সরকারি জমি দখল মুক্ত করা।"

এদিনের নির্বাচনী প্রচারে হিমন্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, অসমের জমি শুধুমাত্র আদিবাসীদেরই দখলে থাকবে। বিজেপি "জাতি, মাটি ও ভেটি" (মানুষ, জমি ও ভিত্তি) রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার জন্য অবৈধ অভিবাসীদের কঠোরভাবে মোকাবিলা করতেই হবে। তা নিয়ে আমরা আপস করব না।

তবে বিরোধীরা হিমন্তের এই বক্তব্য খণ্ডন করে বলছেন, এটা সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার ছাড়া আর কিছু নেই। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, এই উচ্ছেদ অভিযানের মূল লক্ষ্য বাংলাভাষী মুসলিমরা। ইতিমধ্যে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে হাজার হাজার পরিবার বাস্তুচ্যূত হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওই জায়গায় বাস করছিল। বুলডোজার চালিয়ে বিজেপি তাদের পছন্দের শিল্পপতিদের হাতে জমি তুলে দিচ্ছে।

বিরোধীদের অভিযোগ, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন-এ আদানি পাওয়ার লিমিটেডকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য স্থানীয়দের উচ্ছেদ করে ৩,৪০০ বিঘা কৃষিজমি দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। 

এর আগে জালুকাবাড়ি কেন্দ্র থেকে মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আমার জীবনের একমাত্র মিশন হল হিন্দু সমাজকে একত্রিত করা। হিন্দুরা ঐক্যবদ্ধ হোক কংগ্রেসে থেকে অ্যান্টি-হিন্দু কাজ করার দরকার নেই। সব হিন্দুকে বিজেপির ছাতার তলায় আনতে চাই। তাঁর এই বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস-সহ বিরোধীরা।

বিরোধীদের অভিযোগ, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার জোরপূর্বক জমি খালি করে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে। জানা গিয়েছে, ২০২৫-এ ধুবড়ি জেলা প্রশাসন জেলার বিলাশিপাড়ায় অসম সরকারের প্রস্তাবিত ৩,৪০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২,০০০-এরও বেশি বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়।

রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-য় অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২৫-এর আগস্ট পর্যন্ত ১৫,২৭০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। ২০১৬ সাল থেকে অসম সরকারের উচ্ছেদ অভিযান চলার সময় অন্তত আটজন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অসমে আগামী ৯ এপ্রিল বিধানসভা নির্বাচন। ১২৬ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে।