পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই বিভিন্ন জায়গায় নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আর সেই অসন্তোষের মধ্যেই গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়ালো বারাসতের এক বিজেপি নেতার দাবি। অভিযোগ উঠেছে, প্রার্থী হওয়ার জন্য দাবি করা হয়েছে ৫০ লক্ষ টাকা। তাও আবার সেই টাকা নাকি দাবি করেছেন, এক কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে।

 

জানা যাচ্ছে, এই দাবি করেছেন, বারাসতের বিজেপি নেতা ডাক্তার মৃণালকান্তি দেবনাথ। ২০১৯ সালে তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। সম্প্রতি এক সংবাদমাধমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হাবড়ায় বিজেপির প্রার্থী নিয়ে আপত্তি তোলেন। তাঁর কথায়, বনগাঁ থেকে এনে হাবড়ায় বিজেপি এবার প্রার্থী করেছে দেবদাস মণ্ডলকে। তাঁর অভিযোগ, তাহলে হাবড়ায় কি বিজেপির কোনও যোগ্য প্রার্থী ছিল না।

তিনি আরও অভিযোগ করেছেন, ২০১৯ সালে তাঁকে যখন প্রার্থী করা হয়েছিল তখন তার ৫ দিন পর তাঁর কাছ থেকে এক কেন্দ্রীয় নেতা ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। কিন্তু, তিনি কোনও টাকা দিতে রাজি হননি। তাঁর কথায়, তিনি কৈলাস বিজয়বর্গীয় ছাড়া আর কোনও কেন্দ্রীয় নেতাকে চিনতেন না। বিজেপি নেতার স্পষ্ট অভিযোগ, কৈলাস বিজয়বর্গীয় ঘুরপথে তাঁর কাছে টাকা চেয়েছিলেন। একইসঙ্গে, তিনি জানান, তিনি বিজেপির কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে চাননা।
এমনকি দল তাঁকে এবার প্রার্থী করতে চাইলেও তিনি রাজি হতেন না। 

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখনও পর্যন্ত দুদফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তারপরেও ৩৯ টি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে। তবে যেসমস্ত আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়েছে তার মধ্যে বহু আসনে প্রার্থী নিয়ে বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে দলের অন্দরের দ্বন্দ্ব এখন বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।