পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যসভার মেয়াদ শেষ হতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা জর্জ কুরিয়ান। মঙ্গলবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, "ভারতের সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে শ্রী জর্জ কুরিয়ানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর করার নির্দেশসহ গ্রহণ করেছেন।"
আরও পড়ুন:
৬৫ বছর বয়সী জর্জ কুরিয়ান কেরলের একজন হেভিওয়েট বিজেপি নেতা, পেশায় আইনজীবী এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ।
তাঁর এই বিদায়ের ফলে তৃতীয় নরেন্দ্র মোদি সরকারে তাঁর দুই বছরের মন্ত্রীত্বের মেয়াদের অবসান ঘটল।আরও পড়ুন:
জর্জ কুরিয়ান ২০২৪ সালের ৯ জুন মোদি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর ১১ জুন তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং মৎস্যচাষ, পশুপালন ও দুগ্ধজাত উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভায় নির্বাচিত হওয়ার পর মধ্যপ্রদেশের যে রাজ্যসভা আসনটি শূন্য হয়েছিল, সেখান থেকেই ২০২৪ সালের আগস্ট মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উচ্চকক্ষে নির্বাচিত হন কুরিয়ান। ওই বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শুরু হয়েছিল, যা চলতি বছরের ২১ জুন শেষ হয়। তবে সম্প্রতি ২০২৬ সালের জুনের রাজ্যসভা নির্বাচনে বিজেপি তাঁকে আর পুনরায় টিকিট দেয়নি।