পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্নীতির অভিযোগের আবহে এবার পদত্যাগ করলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দিল্লিতে তাঁর সরকারি বাংলো থেকে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত নগদ টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছিল বিচারপতির। সেই মামলার তদন্ত চলাকালীনই বিচারপতির এই পদত্যাগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


 
প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাই কোর্টের বিচারপতি থাকাকালীন বিচারপতি ভার্মার বাংলোতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, ওই বিপুল অর্থ ছিল অঘোষিত ও হিসাববহির্ভূত। যদিও বিচারপতি ভার্মা শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তাঁর দাবি ছিল, ঘটনার সময় তিনি বাংলোয় উপস্থিত ছিলেন না এবং সেখান থেকে কোনও টাকা উদ্ধার হয়নি।

 
বিচারপতি ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের আগস্ট মাসে তিন সদস্যের একটি সংসদীয় প্যানেল গঠন করে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিচারপতি এই প্যানেলের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দেশের শীর্ষ আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। এর ফলে সংসদীয় কমিটির তদন্তের পথ পরিষ্কার হয়ে যায়। বিচারপতি ভার্মাকে পদ থেকে সরানোর জন্য সংসদীয় স্তরে ইমপিচমেন্ট বা অপসারণের প্রক্রিয়াও শুরু হয়েছিল। 
 
বিচারপতি ভার্মা নিজেই পদত্যাগ করায় এখন আর এই দীর্ঘ ইমপিচমেন্ট প্রক্রিয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে লোকসভা সচিবালয়ের একটি সূত্র।