পুবের কলম, ওয়েবডেস্ক: বিশেষ আপিল ট্রাইব্যুনালের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছিল, তাদের বিচারবিভাগীয় ফয়সালার জন্য একটি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এই ট্রাইব্যুনালেরই প্রধান ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সোমবার তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, ট্রাইব্যুনালের কার্যক্রম তদারকি করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল গঠন করেছিল। বিচারপতি শিবজ্ঞানম সেই প্যানেলেরও নেতৃত্বে ছিলেন। রাজ্যপাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো ইস্তফাপত্রে তিনি এই সিদ্ধান্তের নেপথ্যে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তাঁর এই আকস্মিক ইস্তফায় ঝুলে থাকা ভোটার তালিকা সংক্রান্ত মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
এদিকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্রকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর, বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে তাঁদের রিলিজ লেটার বা অব্যাহতিপত্র দেওয়া হয়। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্র বাদে রাজ্যের বাকি সমস্ত কেন্দ্রের নির্বাচন ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষ পরিস্থিতির কারণে ফলতা কেন্দ্রের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।