পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আর এই পর্যবেক্ষক নিয়োগ ঘিরে কমিশনের বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ তুলল নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ, মালদার যে চার কেন্দ্রের জন্য বাইরের রাজ্য থেকে এক পুলিশ আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁর স্ত্রী বিজেপি নেত্রী। প্রসঙ্গত, তৃণমূল সহ বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়া অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:
রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক একযোগে প্রশ্ন তুলেছেন, জয়ন্ত কান্ত নামে ওই পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। তাহলে তাঁর স্বামী কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন? ব্রাত্য ও পার্থ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু ছবি সামনে আনেন। সেই ছবিতে দেখা যায় জয়ন্ত কান্তের সঙ্গে রয়েছে এক মহিলা। সেই মহিলাকে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে একই মঞ্চে দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, মালদার মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মানিকচক এবং সুজাপুর এই চারটি কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে জয়ন্ত কান্তকে। মূলত এই এলাকাগুলি বিহার সীমান্ত লাগোয়া। তৃণমূলের অভিযোগ, ওই পুলিশ আধিকারিকের স্ত্রী সীমান্ত লাগোয়া বিহারের জামুইয়ের বিজেপি নেত্রী। দিল্লির ক্ষেত্রেও এই ধরনের কাজ করেছিল কমিশন। এখন বঙ্গে এই সমস্ত অফিসারদের পাঠিয়ে দখল করতে চায়ছে বলে অভিযোগ তৃণমূলের। ব্রাত্যর আরও দাবি, বাকি যে পর্যবেক্ষকদের আনা হয়েছে তাঁরাও কোনও বিজেপি নেতার আত্মীয় কিনা সেটাই দেখার।