পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার কোচবিহারে সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপি শাসিত রাজ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ করা হচ্ছে—তৃণমূলের এই অভিযোগ এ দিন সরাসরি খারিজ করেন তিনি। পাল্টা দাবি করেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূলই নাকি ভয় পাচ্ছে। তাঁর বক্তব্য, এখানে গোমাংস বিক্রি বন্ধ হয়ে যেতে পারে বলেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বলেন, পূর্ব ভারতের বহু জায়গায় মা কালী এবং কামাখ্যা দেবীর পুজোয় বলির প্রচলন রয়েছে। সেখানে মাছ বা মাংস খাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই বলেই তাঁর দাবি। তিনি বলেন, অসমে বিজেপির সরকার থাকা সত্ত্বেও মাছ বা মাংস বিক্রির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বরং তৃণমূল অযথা এই বিষয়টি নিয়ে রাজনীতির চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি।
পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি গোরু পাচার হয় বলেও দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী।
এ বারের নির্বাচনে অনুপ্রবেশের প্রশ্নকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলেও তৃণমূল সরকারের সমালোচনা করেন হিমন্ত। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সীমান্ত এখনও পুরোপুরি সুরক্ষিত নয়।
সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার জমি দিতে চায় না বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, অনুপ্রবেশ রুখতে কেন্দ্র যতই চেষ্টা করুক, রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে তা সফল হওয়া কঠিন। হিমন্ত আরও বলেন, উত্তর-পূর্ব ভারতকে সুরক্ষিত রাখতে হলে পশ্চিমবঙ্গের সীমান্ত আরও শক্তভাবে ঘিরে ফেলা প্রয়োজন। তাঁর দাবি, বাংলায় যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, তবে ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সেই বেড়ায় বিদ্যুৎ সংযোগও থাকবে, যাতে অনুপ্রবেশ ও পাচার রোখা যায়।
উল্লেখ্য, কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারি এলাকায় বৃহস্পতিবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বসুর সমর্থনে একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই বক্তব্য রাখেন অসমের মুখ্যমন্ত্রী।