পুবের কলম ওয়েব ডেস্ক: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন প্রহ্লাদ জোশী। রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সমাজমাধ্যমে ইংরেজি এবং নিজের মাতৃভাষা কন্নড়ে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন শিক্ষামন্ত্রী। 

গভীর কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে নিষ্ঠাভরে এই দায়িত্ব পালন করার আশ্বাস দিয়েছেন তিনি। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তৈরি হওয়া প্রবল বিক্ষোভের জেরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সোনম ওয়াংচুক থেকে শুরু করে ককরোচ জনতা পার্টির সদস্যরা শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে প্রথম থেকেই অনড় ছিলেন।

 কেন্দ্রের মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে সিজেপি-র একাধিক বৈঠকেও কোনও সমাধান সূত্র মেলেনি। উলটে দাবি না মানলে আগামী দিনে সংসদ ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক বুঝে শেষ পর্যন্ত শুক্রবার তৃতীয় দফার বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেটি গৃহীত হওয়ার পরেই প্রহ্লাদ জোশীর নাম নতুন শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করে সরকার।