পুবের কলম ওয়েব ডেস্ক: নিট পরীক্ষায় প্রশ্নফাঁস এবং তৎপরবর্তী ছাত্র-বিক্ষোভের আবহে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে সোমবার লোকসভায় একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ। প্রস্তাবিত এই বিলটি আইনে পরিণত হলে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান থাকছে। তবে বিল পেশের দিনেই বিরোধীদের তুমুল বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষের অধিবেশন।
আরও পড়ুন:
সোমবার লোকসভায় পেশ হওয়া বিলটির নাম দেওয়া হয়েছে ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’।
সম্প্রতি দেশ জুড়ে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে ব্যাপক ছাত্রবিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের প্রবল চাপের মুখে পড়ে সদ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সেই ঘটনার পরেই ক্ষোভ প্রশমিত করতে এবং ভবিষ্যতের জন্য কড়া আইনি সুরক্ষাকবচ তৈরি করতেই সরকারের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
তবে বিল পেশের প্রক্রিয়া মোটেও মসৃণ হয়নি। সোমবার অধিবেশন শুরু হতেই বিরোধী সাংসদেরা প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র-আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সরকারের জবাবদিহি চেয়ে সরব হন।
তাঁদের তুমুল হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত উভয় কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে ফের অধিবেশন শুরু হলে সেই ডামাডোলের মাঝেই বিলটি পেশ করেন জীতেন্দ্র সিংহ। কিন্তু পরিস্থিতি শান্ত না হওয়ায় দুপুর ২টো পর্যন্ত ফের অধিবেশন মুলতুবি হয়ে যায়। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে, দেশের শিক্ষাব্যবস্থায় সঠিক সংস্কার আনতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ।আরও পড়ুন:
অধিবেশন কক্ষের পাশাপাশি সংসদ ভবনের বাইরেও বিক্ষোভে শামিল হন ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা। রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রকে একযোগে সংসদ চত্বরে প্রতিবাদ জানাতে দেখা যায়।