পুবের কলম, ওয়েবডেস্ক: নিটের প্রশ্নফাঁস এবং সিবিএসই-র 'অন-স্ক্রিন মার্কিং' ব্যবস্থায় নজিরবিহীন অনিয়মের অভিযোগে এবার রাজধানীর রাজপথে নামল 'ককরোচ জনতা পার্টি'। শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করে এই সংগঠনটি। বিক্ষোভকারীদের গলা থেকে এদিন স্লোগান ওঠে— "ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও" এবং "আমরা চেয়েছিলাম 'মেক ইন ইন্ডিয়া', আপনারা দিলেন 'লিক ইন ইন্ডিয়া'।" এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিতে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বিমানে চেপে আজই দিল্লি পৌঁছান।
বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর হাতে ড. বি আর আম্বেদকরের আত্মজীবনীর একটি বই দেখা যায়।আরও পড়ুন:
সিজেপি-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে দিল্লি পুলিশ তাঁদের যন্তর মন্তরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেয়। প্রশাসনের সবুজ সংকেত মেলার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট স্ট্রিট থানার বদলে সরাসরি যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। সামাজিক মাধ্যমে তাঁরা পোস্ট করেন, "ককরোচ আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন।
"আরও পড়ুন:
এবারের নিট-ইউজি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও প্রশ্নফাঁসের জেরে পরীক্ষাটি বাতিল করে আগামী ২১ জুন পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তভার রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সম্প্রতি এই তদন্তের অগ্রগতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিকে রিপোর্টও জমা দিয়েছেন। এই দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।