পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং তাতে বিদেশি অর্থসাহায্যের অভিযোগ নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সমাজমাধ্যমে দাবি করা হয়েছিল যে, গোয়েন্দা তদন্তে নাকি এই আন্দোলনে কোনও বিদেশি ফান্ডিংয়ের প্রমাণ মেলেনি। রবিবার বিদেশ মন্ত্রকের 'ফ্যাক্ট চেক' বিভাগ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, ওই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো এবং মুখপাত্রের প্রকৃত বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

মূল ঘটনার সূত্রপাত গত শুক্রবারের বিদেশ মন্ত্রকের দ্বিসাপ্তাহিক সাংবাদিক বৈঠক থেকে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, রণধীর জয়সওয়াল নাকি বলেছেন, সিজেপি-র আন্দোলনে বিদেশি সাহায্য নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে এবং তদন্তে দেখা গিয়েছে এতে কোনও বিদেশি ফান্ডিং নেই। তবে বিদেশ মন্ত্রক সেই দাবি খারিজ করে রণধীর জয়সওয়ালের আসল বক্তব্যটি তুলে ধরেছে। 

ওই দিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল মূলত বলেছিলেন যে, আন্দোলনকে কেন্দ্র করে বিদেশি অর্থসাহায্যের যে অভিযোগ উঠছে, সেই বিষয়ে আপাতত তাঁর কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ তিনি কোনও চূড়ান্ত বিবৃতি দেননি, অথচ তাঁর মন্তব্যকে ভুলভাবে সাজিয়ে প্রচার করা হয়েছে।