পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে মর্মান্তিক দুর্ঘটনার পর তৎপর হল রেল কর্তৃপক্ষ। গত শুক্রবারের ওই ভয়াবহ দুর্ঘটনায় চার পড়ুয়া-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। ভবিষ্যতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা এড়াতে অভিশপ্ত ২৪এ/২ নম্বর রেলগেটটি সম্পূর্ণভাবে তুলে দিয়ে সেখানে একটি সাবওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। 

জানা গিয়েছে, খুব শীঘ্রই রেলের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হবে। রাজ্য সরকার এই প্রস্তাবে সবুজ সংকেত দিলে দ্রুত গোবিন্দপুরে সাবওয়ে তৈরির কাজ শুরু হবে।

দুর্ঘটনার পর বৃহস্পতিবার শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মূল সভামঞ্চে ওঠার আগেই তিনি স্বজনহারাদের কাছে গিয়ে সমবেদনা জানান এবং সবসময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

 মুখ্যমন্ত্রী জানান, চোখের জল ছাড়া তাঁর ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই, তবে তিনি সাধ্যমতো সমস্ত রকম চেষ্টা করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রেলের তরফ থেকেও মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন কর্তব্যরত গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই তিনি রেলগেটটি বন্ধ করতে ভুলে যান। তাঁর এই চূড়ান্ত গাফিলতির জেরেই পুলকার ও সাইকেলে ট্রেনের ধাক্কা লাগে। এই ঘটনার পরই অভিযুক্ত গেটম্যানকে রেলের তরফ থেকে সাসপেন্ড করা হয় এবং বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থেই এবার রেলগেটটির বদলে সাবওয়ে নির্মাণের পথে হাঁটতে চাইছে রেল।