সংসদের আসন্ন বাদল অধিবেশনের সূচি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, আগামী ২০ জুলাই থেকে অধিবেশন শুরু হবে এবং চলবে ১৩ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অধিবেশন আহ্বানের অনুমোদন দিয়েছেন। মোট ১৯টি কার্যদিবসে লোকসভা ও রাজ্যসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
সরকারি সূত্রের খবর, এবারের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুটি সংবিধান সংশোধনী বিল। একটি বিলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের গুরুতর অপরাধে দীর্ঘদিন কারাবন্দি থাকলে পদে বহাল থাকার বিধান পরিবর্তনের প্রস্তাব থাকতে পারে। অন্য বিলটি নারী সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত।আরও পড়ুন:
গত বছরের বাদল অধিবেশনে কেন্দ্র সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে একাধিক বিল পেশ করেছিল। সেই প্রস্তাব অনুযায়ী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি কারাবন্দি থাকলে তাঁকে পদ থেকে অপসারণের বিধান আনার কথা বলা হয়।
পরে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। সূত্রের দাবি, আগামী ১৭ জুলাই কমিটি তাদের রিপোর্ট জমা দিতে পারে এবং তার পরই বিলটি সংসদে ভোটাভুটির জন্য আনা হতে পারে।আরও পড়ুন:
অন্যদিকে নারী সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলও আবার সংসদে তোলা হতে পারে বলে জোর জল্পনা চলছে। কেন্দ্রের আশা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় সমর্থন মিলতে পারে।
তবে সরকারের বহুল আলোচিত ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল এই অধিবেশনে আনা হচ্ছে না বলেই কেন্দ্রীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।